বাংলাদেশের কাছে পরাজয় : যা বললেন ভারতের অধিনায়ক
- Fri, 15 Sep 2023
এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের কাছে হেরে গেছে ভারত। শেষ পর্যন্ত লড়েও হারতে হয়েছে ৬ রানে। দীর্ঘ ১৩ ম্যাচ পর এই দু’দেশের সাক্ষাতে প্রথমে ব্যাট করা দল জিতল। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ডুবেছে ভারত। ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি পাত্তাই দিতে চাইলেন না।
রোহিত বলেছেন, 'যারা এই প্রতিযোগিতায় খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সাথে কোনো আপস করতে চাইনি।'
কঠিন পিচে বাংলাদেশের বোলিং সামলাতে না পেরে হারলেও রোহিতের মুখে দুই ক্রিকেটারের প্রশংসা ঝরে পড়ল। তারা হলেন শুভমন গিল এবং অক্ষর পটেল। অক্ষর প্রায় শেষ পর্যন্ত দলকে জেতার আশা দেখাচ্ছিলেন। আর শুভমনের ইনিংসের জন্যেই এত দূর রান তাড়া করতে পেরেছে ভারত।



