বাইডেনের সেলফি নিয়ে এত আলোচনা পর্যালোচনা কিংবা প্রচার যুদ্ধ কেন
- Sun, 10 Sep 2023
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে সেলফি তুলছেন- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি আলোকচিত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে।
মি. বাইডেন ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলন চলাকালে এ সেলফি তোলেন।
বাংলাদেশে সরকার সমর্থক রাজনৈতিক কর্মী-সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই এসব ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন।
কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে এ সেলফিকে বর্ণনা করছেন। আবার কেউ কেউ এটিকে নয়াদিল্লির সাফল্য’ হিসেবেও প্রচার করছেন।
তবে এ নিয়ে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে রীতিমত প্রচার যুদ্ধ চলছে সামাজিক মাধ্যমে।
বিরোধীরা দাবি করছেন যে সেলফি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন নড়চড় হবে না।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র নতুন ভিসা-নীতি ঘোষণা করে। সেসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের আমেরিকার ভিসা দেয়া হবে না।
মূলত ওই ঘোষণার পরই বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্কের টানাপড়েনের বিষয়টি সামনে চলে আসে।



