নির্বাচন বিলম্বিত করার শঙ্কা বাড়ছে বিএনপিতে

নির্বাচন বিলম্বিত করার শঙ্কা বাড়ছে বিএনপিতে - ছবি : নিউজমিডিয়া24

অন্তর্বর্তী সরকার ও ছাত্র প্ল্যাটফর্ম থেকে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে যে ধরনের বক্তব্য আসছে, তাতে বিএনপিতে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার শঙ্কা আরো বেড়েছে। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে খুব স্পষ্টভাবে কোনো বার্তা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। এ ছাড়া সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারেও নির্বাচনী রোডম্যাপ বা পথ-নকশার বিষয়টি স্পষ্ট করেননি ড. ইউনূস। এমন প্রেক্ষাপটে বিএনপি মনে করছে, এ সরকারের প্রধান লক্ষ্য যে নির্বাচন, সেটি থেকে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে কিনা কিংবা ঠিক কত দিন তারা ক্ষমতায় থাকতে চান, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। বিএনপি মনে করছে, অন্তর্বর্তী সরকার যদি দেড় বছরের বেশি সময় ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাহলে এ সরকারকে ব্যর্থ করতে ‘পতিত’ আওয়ামী লীগ এবং তাদের দোসররা সর্বোচ্চ মাত্রায় তৎপর রয়েছে। দেশের বাইরে থেকে তারা নেতাকর্মী ও সমর্থকদের সাথে গোপন যোগাযোগ অব্যাহত রাখছে। তাদের নির্দেশনা দেয়া আছে, যখন প্রয়োজন হবে, তখনই মাঠে নামতে হবে। বিএনপি এ-ও মনে করছে, যত দিন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হবে, তত দিন আওয়ামী লীগও এই সরকারকে বেকায়দায় ফেলতে তাদের অপতৎরতা অব্যাহত রাখবে; দেশী-বিদেশী বন্ধুদের অব্যাহতভাবে কাজে লাগানোর চেষ্টা করে যাবে।

আরো সংবাদ


AD HERE