শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

মুসলিম বিশ্বে আখলাকি সঙ্কটের স্বরূপ

মুসলিম বিশ্বে আখলাকি সঙ্কটের স্বরূপ - ছবি : নিউজমিডিয়া24

আখলাকি সঙ্কট মুসলিম দুনিয়ার মর্মমূলে গভীর ও বহুবিস্তারি ক্ষত ও পচন তৈরি করেছে। রাজনৈতিক অস্থিরতায় যেমন তা প্রতিফলিত, তেমনি সামাজিক চ্যালেঞ্জ থেকে শুরু করে অর্থনৈতিক সমস্যাতেও তা পরিব্যাপ্ত।

সমস্যাটা বহুমুখী। এর আওতায় আছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মাত্রা। মুসলিম উম্মাহের নানা অংশের বৈচিত্র্য এবং এর সাথে জড়িত জটিলতাগুলো এই সঙ্কটকে বিশেষ আকার দিয়েছে। সংবেদনশীলতার গভীর স্থরে তা প্রভাব বিস্তার করেছে।

কোনো কোনো দেশে শাসন ও মানবাধিকার আখলাকশূন্যতায় ভুগছে কিংবা আখলাকের দারিদ্র্যে মৃতপ্রায়। কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি ও জবাবদিহির অভাব ব্যাপক অন্যায় ও নিপীড়নকে স্থায়ী বাস্তবতায় পরিণত করতে প্রয়াসী। যা সমাজের নৈতিক কাঠামোকে ক্ষুণ্ণ করছে।

নৈতিক সঙ্কটের বড় এক বিষয় হলো, ইসলামী শিক্ষার ব্যাখ্যা এবং সমসাময়িক সমাজে তাদের প্রয়োগ। ইসলাম উপলব্ধির প্রান্তিক ধারা ও চর্চাগুলো সমাজের মনস্তত্ত্ব শাসন করছে এবং ইসলাম প্রায়ই খণ্ডিত বা বিকৃত বয়ানে ও অনুশীলনে উপস্থিত হয়। এর সাথে যুক্ত থাকে গতিহীনতা ও দৃষ্টির সীমাবদ্ধতার দীর্ঘ ধারাবাহিকতা। বিভিন্ন গোষ্ঠীর অভ্যস্ত অনুশীলনের ফলে যে বাস্তবতা নিজেদের মনে ও আচরণে স্থির হয়ে আছে, তাকে ইসলাম হিসেবে জাহির ও কায়েম করার জবরদস্তি একধরনের নিয়মে পরিণত হয়েছে। যা আখলাকি সঙ্কটের ভয়াবহতা বাড়িয়ে চলছে।
তা এক দিকে বাধা দিচ্ছে বৃহত্তর সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক গতিশীলতাকে, অন্য দিকে বিচ্ছিন্নতা ও মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজের মধ্যে উত্তেজনা এবং দ্বন্দ্বের আগুন বাড়িয়ে চলছে।

মুসলিম দুনিয়ার বিপুলসংখ্যক জনগোষ্ঠী অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সুবিধা ও অধিকারের জায়গায় তাদের এক্সেস চরমভাবে সঙ্কুচিত, যা সামাজিক সমস্যাগুলো বাড়িয়ে তুলছে। এটি এক দিকে নৈতিক অবক্ষয়ের ফলে ঘটছে, অন্য দিকে নৈতিক অবক্ষয় বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। এ থেকে উত্তরণের জন্য শুধু রাজনৈতিক সংস্কার নয়, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারের প্রয়োজন ছিল; কিন্তু এর কোনোটিই কাক্সিক্ষত মানে নেই।

আরো সংবাদ


AD HERE