সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আন্ডারওয়ার্ল্ড কানেকশন
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সাথে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে গভীর সখ্যের তথ্য মিলেছে। এসব সন্ত্রাসীর কাছ থেকে সময়ে অসময়ে জ্যোতি নানা সহযোগিতা নিত, আর বিনিময়ে বাবার ক্ষমতার দাপটে তাদের আশ্রয়-প্রশ্রয় দিত। ওইসব সন্ত্রাসী অবৈধ কর্মের মাধ্যমে যে অর্থ হাতিয়ে নিত তারও একটি ভাগ পেত জ্যোতি। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সাথে এই জ্যোতির ব্যবসায়িক অংশীদারিত্ব থাকার কথাও জানা গেছে। দেশ থেকে সে কোটি কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অভিযোগে বেশ কিছু মামলার আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল। তারই ছেলে জ্যোতি। বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে এক সময় প্রশাসনে তার ব্যাপক দাপট ছিল। কথিত রয়েছে পুলিশ প্রশাসনের কাছে জ্যোতিই ছিল অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের পদায়ন ও রদবদলের নায়ক সাফি মুদাচ্ছির খান জ্যোতি সম্প্রতি এক মাস যুক্তরাষ্ট্র সফর শেষে গত ৩০ জুলাই দেশে ফিরে আসে। এরপর তার বাহিনী নিয়ে নজর দেন ছাত্র-জনতার আন্দোলন দমানোর কাজে। ৫ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।



